খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

শ্রীমঙ্গলে হাসিবকে হত্যাচেষ্টার অভিযোগ, মাথায় কোপ দিতে গিয়ে অল্পের জন্য রক্ষা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১:২৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
শ্রীমঙ্গলে হাসিবকে হত্যাচেষ্টার অভিযোগ, মাথায় কোপ দিতে গিয়ে অল্পের জন্য রক্ষা

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দা দিয়ে হামলার শিকার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম। তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় দা দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। তবে আত্মরক্ষার চেষ্টা করে প্রাণে বেঁচে যান জুলাই গণঅভ্যুত্থানের পরিচিত এই নেতা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দ্য ডেইলি ওয়াদাকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিব আল ইসলাম অভিযোগ করেন, হামলাকারী আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সমর্থক। তার দাবি, আওয়ামী লীগের কর্মীরা দলটিকে ধর্মের মতো মনে করেন। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

হাসিব বলেন, ‘আওয়ামী লীগ তাদের কাছে একটা ধর্ম হয়ে গেছে। এই ধর্মের নামে মানুষ খুন করাকেও তারা জায়েজ মনে করে। তাদের কর্মকাণ্ডের ধরন স্পষ্টতই জঙ্গিবাদকে উসকে দেওয়ার মতো।’

মুঠোফোনে দ্য ডেইলি ওয়াদাকে হাসিব জানান, তিনি বর্তমানে কুমিল্লায় চিকিৎসাধীন। দা দিয়ে হামলায় তার বাঁ পায়ে আঘাত লেগেছে। সেখানে তিনটি সেলাই দিতে হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, হামলাকারী হঠাৎ জঙ্গি কায়দায় দা দিয়ে তাকে কোপাতে শুরু করে। একপর্যায়ে তার মাথা লক্ষ্য করেও কোপ দেওয়া হয়। তবে আত্মরক্ষার চেষ্টা করায় তিনি প্রাণে বেঁচে যান।

হামলার সময় সঙ্গে থাকা তার স্ত্রীও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানান হাসিব।

তিনি বলেন, ‘যে ব্যক্তি আমার ওপর হামলা করেছে, সে আমার পরিচিত কেউ নয়, এমনকি আগে কখনো দেখেছি বলেও মনে পড়ে না। আমি জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, শুধু এ কারণেই সে আমার ওপর হামলা করেছে এবং মাথায় কোপ দেওয়ার চেষ্টা করেছে।’

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবের অভিযোগ, জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়ায় সারা দেশে গোপনে হামলার ঘটনা বেড়েছে।

‘পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছেন ছাত্রশক্তির এই নেতা।

তার দাবি, সারা দেশে আওয়ামী লীগের সদস্যদের জঙ্গি কায়দায় হামলার প্রবণতা বেড়ে যাওয়ার পেছনে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বিষয়টি দায়ী।

গোয়েন্দা সংস্থা ও সরকারি প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে কাজ করছে না বলেও অভিযোগ করেন হাসিব। তিনি বলেন, ‘দেশি-বিদেশি এজেন্সি মিলে জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের টার্গেট কিলিং করার ষড়যন্ত্র করছে।’

তিনি আরও বলেন, মানুষ আশা করেছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। নির্বাচনের পর পরিস্থিতি ভালো হবে, এমন কথাও বলা হয়েছিল। কিন্তু বাস্তবে নির্বাচনের পর ছিনতাই, ধর্ষণ ও হত্যার ঘটনা বাড়ছে বলে দাবি করেন তিনি।

পরিবারের নিরাপত্তা নিয়েও শঙ্কিত হাসিব

মঙ্গলবার বেলা ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় বালিশিরা রিসোর্টের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ সময় হাসিব আল ইসলামের সঙ্গে তার স্ত্রীও ছিলেন।

দ্য ডেইলি ওয়াদাকে হাসিব জানান, আকস্মিক এ হামলায় তার স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির নেতা হওয়ায় তার পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।

হাসিব বলেন, ‘শুধু আমার নিজের নিরাপত্তা নয়, আমার পরিবারের নিরাপত্তাও নিশ্চিত করা হচ্ছে না। এভাবে হঠাৎ গোপনে জঙ্গি কায়দায় হামলার ঘটনা ঘটলে স্বাভাবিকভাবেই যে কেউ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে। শুধু আমার স্ত্রী নন, এই ঘটনায় আমার পুরো পরিবার মানসিকভাবে বিপর্যস্ত।’

তিনি আরও বলেন, ‘হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়ায় আওয়ামী লীগের সহিংসতা বাড়ছে। তারা জঙ্গিবাদকে উসকে দিচ্ছে। আমি যদি স্ত্রীকে নিয়ে বাইরে বের হতেও না পারি, তাহলে আমরা কী পরিবর্তনের জন্য লড়াই করেছিলাম?’

গণমাধ্যমের সংবাদ পরিবেশন নিয়ে হতাশা

হামলার পর গণমাধ্যমের সংবাদ পরিবেশন নিয়েও প্রশ্ন তুলেছেন আহত এই ছাত্রনেতা। তিনি বলেন, তাকে হত্যার উদ্দেশ্যে বড় ধরনের হামলার ঘটনা ঘটলেও গণমাধ্যমে হামলার বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি। বরং তার ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে বেশি আলোচনা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

গণমাধ্যম মানবাধিকার সমুন্নত রাখবে, নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে অগ্রাধিকার দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন হাসিব।

যেভাবে হামলার ঘটনা ঘটে

জুলাই গণঅভ্যুত্থানের পরিচিত মুখ হাসিব আল ইসলাম মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় বালিশিরা রিসোর্টের সামনে দা দিয়ে হামলার শিকার হন। ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, হাসিব আল ইসলাম ও তার স্ত্রী একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে রিসোর্টের সামনের সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় ভিডিও ধারণকারী ব্যক্তিকে হাসিবকে উদ্দেশ করে গালিগালাজ করতে শোনা যায়।

অটোরিকশাটি থামার পর ওই ব্যক্তি হাসিবের সঙ্গে হাত মেলান এবং তাকে উদ্দেশ করে আরও আপত্তিকর মন্তব্য করেন। একপর্যায়ে হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়েন।

এ সময় হাসিব অটোরিকশা থেকে নেমে আত্মরক্ষার জন্য দৌড়াতে শুরু করেন। ভিডিওর শেষ দিকে মাটিতে পড়া ছায়া দেখে হামলাকারীর হাতে দা ছিল বলে ধারণা করা যায়।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ।

ছবি মো. আরফান আলী।


​মো. আরফান আলী।। জেলা সংবাদদাতা

ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে মৎস্যজীবী ও মৎস্যচাষীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

​এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অনেকে।

​প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী অংশ নেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোফল. কম

পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন- অনিক

ছবি এম . জালাল উদ্দীন


এম. জালাল উদ্দীন: পাইকগাছা (খুলনা) জেলা সংবাদদাতা

খুলনার পাইকগাছা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ শাওন হোসেন অনিক।

সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে মোঃ শাওন হোসেন অনিক বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পাইকগাছা উপজেলার ভূমি প্রশাসন ও সংশ্লিষ্ট সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/যোগফল. কম

ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ৭:২১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ইউক্রেনে আবাসিক ভবনে হামলায় নিহত ১৫, রাশিয়ায় পাল্টা ড্রোন হামলা

যোগফল প্রতিবেদক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার একাধিক অঞ্চলে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দেশটির তেল অবকাঠামোও রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা।

ইউক্রেনের জরুরি পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রীয় পরিষেবা জানিয়েছে, ধ্বংস হয়ে যাওয়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। রাতভর উদ্ধার অভিযান চালানো হয়। তবে বিমান হামলার সতর্কতা জারি হলে উদ্ধারকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়।

অন্যদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, কামেনস্ক-শাখতিনস্কি শহর এবং ওই অঞ্চলের আটটি জেলায় ৮০টির বেশি ড্রোন প্রতিহত বা নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্রাসনোসুলিনস্কি জেলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ ছাড়া নভোশাখতিনস্ক শহরের বাসিন্দারা রাতভর বিস্ফোরণের শব্দ ও বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার নভোশাখতিনস্ক তেলজাত পণ্য কারখানায় হামলা চালানো হয়েছে।

রাশিয়ার তাতারস্তান অঞ্চলেও সকালে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আঞ্চলিক প্রধান রুস্তাম মিনিখানভের দপ্তর এ তথ্য জানিয়েছে। আলমেতিয়েভস্কের কাছে কয়েকটি তেল সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী রাতভর ইউক্রেনের জ্বালানি, সরবরাহ ও বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দিনিপ্রো অঞ্চলের ৩৩০ কিলোভোল্টের একটি বিদ্যুৎ উপকেন্দ্র, ওদেসা অঞ্চলের ইজমাইল বন্দরের স্থাপনা এবং ওদেসার দক্ষিণ-পশ্চিমে একটি পণ্যবাহী জাহাজ রয়েছে। এসব স্থাপনা ইউক্রেনের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে মস্কো।

চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা কঠিন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম